আজমেরী ওসমানের সহযোগী শাকিল ও চিশতী বিদেশী পিস্তলসহ কুমিল্লায় গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন / ১০০০
আজমেরী ওসমানের সহযোগী শাকিল ও চিশতী বিদেশী পিস্তলসহ কুমিল্লায় গ্রেফতার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা পলাতক আজমেরী ওসমানের অন্যতম ক্যাডার হিসেবে পরিচিত শাকিল ওরফে যোয়াদ শাকিল ও তার সহযোগী চিশতী কুমিল্লায় চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশিকালে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ আটক করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় এই অভিযান চালায় হাইওয়ে পুলিশ।

অভিযানের সময় তাদের দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক দুজন হলো- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) ও বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিশতী (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকন নামে একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে সীমান্ত দিয়ে অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা ওই অস্ত্র কোথা থেকে এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

খবর পেয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (কুমিল্লা অঞ্চল) শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।