সোনারগাঁয়ে প্রকাশ্যে গুলি বর্ষণকারী সেই মাইনুল পিস্তলসহ গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে প্রকাশ্যে গুলি বর্ষণকারী সেই মাইনুল পিস্তলসহ গ্রেফতার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণকারী দুর্ধর্ষ সন্ত্রাসী মাইনুল ইসলাম জিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচআনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি গুলির খোসা, ৩টি চাপাতি এবং ৭টি টেঁটা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত জিয়া ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পাঁচআনি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সময় জিয়া ও মাহি নামে দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। গুলিবর্ষণের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নজরে আসার পর র‍্যাব-১১ এর একটি বিশেষ টিম গোয়েন্দা নজরদারি শুরু করে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জিয়ার অবস্থান নিশ্চিত হয়ে পাঁচআনি এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ ব্যাটালিয়নের অপস্ অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, ভিডিও ফুটেজ দেখে অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। এ ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে আমরা বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত জিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।