ফতুল্লায় গার্মেন্টস দখলকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় গার্মেন্টস দখলকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের ফতুল্লায় টেক্সটাইল কারখানার কোন কাটন দখল নিয়ে বিএনপির সহযোগী সংগঠন মৎসজীবী দলের দুই গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক গ্রুপের তিনজন ধারালো ছুরির আঘাতে আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার রাত ৯টায় ফতুল্লার বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় তারা মিলের সামনে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীলীগ নেতা শামীম মেম্বারের টেক্সটাইল কারখানায় কোন কাটনের দখল নিয়ে কয়েকদিন ধরেই জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন ও ফতুল্লা থানা মৎসজীবী দলের সাবেক আহবায়ক সলিমুল্লাহ হৃদয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বুধবার রাতে এনিয়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এক পর্যায়ে সলিমুল্লাহ হৃদয় গ্রুপের সজিব, মারুফ, রাকিবকে এলোপাথারী কুপিয়ে ও মারধর করে পালিয়ে যায় হোসেন গ্রুপ। এরপর স্থানীয় লোকজন ৩জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। কোন কাটন নিয়ে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা থানা মৎসজীবী দলের সাবেক আহবায়ক সলিমুল্লাহ হৃদয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে পরিস্থি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।