নারায়ণগঞ্জ নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, প্রস্তুতি সম্পন্ন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, প্রস্তুতি সম্পন্ন

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ভোটের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। এবারের নির্বাচনে জেলার ২৩ লাখ ৬৮ হাজার ২৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান, পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটাররাও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার কেন্দ্রগুলোর জন্য ব্যালট বক্স ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। অন্যদিকে, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও ও বন্দর উপজেলার কেন্দ্রগুলোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয় থেকে কঠোর নিরাপত্তায় সরঞ্জাম পাঠানো হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, ভোট গ্রহণ নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচনি নিরাপত্তা নিশ্চিতে জেলায় মোতায়েন করা হয়েছে বিশাল নিরাপত্তা বাহিনী। নারায়ণগঞ্জের ৭৯৭ টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ২ হাজার ১৯৬ জন পুলিশ সদস্য এবং প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে মোট ১০ হাজার ৩৬১ জন আনসার সদস্য।

এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে থাকবে বিজিবির ১৭ প্লাটুনে ৩৪০ জন এবং র‍্যাবের ৫ প্লাটুনে ১০০ জন সদস্য। দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারির জন্য সেনাবাহিনীর ছয়টি ক্যাম্প সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

ভোটারদের নিরাপদে ভোট দিতে উৎসাহিত করতে আজ বিকেল থেকেই যৌথ বাহিনীর মহড়া পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসক রায়হান কবির জানান, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।