
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
দেশে ক্ষমতার পালাবদল ঘটে, সরকার আসে সরকার যায়; কিন্তু পরিবর্তন হয় না নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের মাদক সাম্রাজ্যের চিত্র। যুগ যুগ ধরে এই অঞ্চলটি মাদকের নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি পেলেও তা নির্মূলে দৃশ্যমান কোনো স্থায়ী পদক্ষেপ নেই। ফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে দীর্ঘ দিন ধরে কার্যত জিম্মি হয়ে আছে এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এই ওয়ার্ডকে ‘মাদক মুক্ত’ করার জোরালো প্রতিশ্রুতি দিলেও জয়ের পর সেই অঙ্গীকার আর আলোর মুখ দেখে না। এক সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে ২০নং ওয়ার্ডের প্রায় ২০টি স্পটে প্রকাশ্যে ও গোপনে চলছে মাদক বিক্রির রমরমা ব্যবসা। পবিত্র রমজান মাসেও থেমে নেই এই কারবার।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে এই এলাকায় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী বীরদর্পে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে মাহমুদনগর এলাকার মুন্সিবাড়ির মৃত নাছির ওরফে কলকি নাছিরের স্ত্রী মাদক সম্রাজ্ঞী সুফি, তার মেয়ে নিঝুম, জেরিন, একই এলাকার মৃত ফুলচান মিয়ার ছেলে সোহাগ ওরফে কানা সোহাগ, ফালা মিয়ার ছেলে বিল্লাল, মৃত নান্নু মিয়ার ছেলে নূর আমিন, বইশ্যা মিয়ার ছেলে আমান, দড়ি সোনাকান্দা এলাকার জিল্লু মিয়ার বাড়ির ভাড়াটিয়া লইট্টা মিয়ার মেয়ে রাশিদা, রহিম মিয়ার ছেলে বাবু, বছির মিয়ার ছেলে সাব্বির, ফরিদ হোসেনের ছেলে হীরা, মৃত আকবর আলীর ছেলে ইসমাইল, মৃত আহসান মিয়ার মেয়ে আরমিন,রওশন আলীর ছেলে পুতুলী, জয়নাল বাবুর্চির ছেলে রবিউল, বরজাহান মিয়ার ছেলে তার স্ত্রী ফরিদা, শাহজাহান মিয়ার ছেলে সেলিম, শাহিন,নূর হোসেনের ছেলে মিরাজ, কাইয়ূম মিয়ার ছেলে রিয়াল, হাজীপুরের আলী ইসলামের ছেলে ওসমান,ইব্রাহিম মিয়ার ছেলে জনি, সোনাকান্দা এলাকার আলীম মৃধার ছেলে ইমরান অন্যতম।
এলাকাবাসীর দাবি, মাঝেমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দু-একজন গ্রেপ্তার হলেও বন্দর থানা পুলিশের তৎপরতা এখানে নেই বললেই চলে। পুলিশের এই শিথিলতার সুযোগে মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ এখন চরম অসহায়।
সচেতন অভিভাবক ও স্থানীয় বোদ্ধামহলের মতে, এখনই যদি এই বিশাল সিন্ডিকেট দমন করা না যায়, তবে ওয়ার্ডের অধিকাংশ তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হবে। ভয়াল এই মাদক ব্যবসা রুখতে অনতিবিলম্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান দাবি করেছেন তারা।
আপনার মতামত লিখুন :