বন্দরে জরিমানার পরও থামছে না কৃষিজমির মাটি কাটা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন / ১০০০
বন্দরে জরিমানার পরও থামছে না কৃষিজমির মাটি কাটা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয়দের হুমকি দিয়ে অবৈধভাবে কৃষিজমি ও সরকারি খাস জমির মাটি কাটা হচ্ছে। বিভিন্ন সময়ে করা অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করেছে এবং সর্বশেষ ৫০ হাজার টাকা জরিমানাও করেছে। তবে এতো সত্ত্বেও মাটি কাটা বন্ধ হচ্ছে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়রা আবারও দাসেরগাঁও এলাকায় মাটি কাটতে দেখেছেন।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) বন্দর সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটি কাটার অপরাধে মঙ্গলবার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে স্থানীয়রা জানান, ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পরপরই ফের মাটি কাটা শুরু হয়।

সহকারী কমিশনার রহিমা আক্তার ইতি বলেন, “কিছুদিন আগেই আমরা অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেছি। তবে এখন আবার খবর পাচ্ছি মাটি কাটা হচ্ছে। আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো, আরও অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, “মাটি কাটা রোধে সামাজিকভাবে প্রতিরোধ প্রয়োজন। যেসব কৃষকের জমির মাটি কাটা হচ্ছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। একই সঙ্গে ওই এলাকার স্থানীয়দের সাথেও কথা বলেছি। তারা মামলা করতে পারে, কিন্তু কেউ পদক্ষেপ নিতে রাজি নয়। আমাদের পক্ষে বারবার অভিযান চালিয়ে এটি বন্ধ করা সম্ভব নয়। তবু আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”