রূপগঞ্জে বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

রূপগঞ্জে বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ মাসের বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বি-ব্রাদার্স গ্রুপ নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে তৈরি হয়েছে তীব্র যানজট।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে তারা পৌরসভার মৈকুলি এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধের কারণে সড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

শ্রমিকরা জানান, কারখানাটিতে দুই হাজারের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন। তারা গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিল। মালিকপক্ষ কয়েকদিন ধরে আশ্বাস দিয়ে তালবাহানা করছেন। প্রতিবাদকারী শ্রমিকদের আটকে রেখে নির্যাতন ও ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা। এ নিয়ে গত কয়েকদিন ধরে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিরোধ চলছিল।

শনিবার শ্রমিকরা কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮ থেকে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে কয়েক দফা সমঝোতার বৈঠক করেন। কিন্ত বকেয়া বেতন, শ্রমিক নির্যাতন বন্ধ ও ছাঁটাইয়ের বিষয়ে চূড়ান্ত মীমাংসা না হওয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।