ইফতারের বদলে ঈদ সামগ্রী, ২ হাজার পরিবারের পাশে রিয়াদ চৌধুরী


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন / ১০০০
ইফতারের বদলে ঈদ সামগ্রী, ২ হাজার পরিবারের পাশে রিয়াদ চৌধুরী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লায় সুবিধাবঞ্চিত ২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার আয়োজনের পরিবর্তে মানবিক এই উদ্যোগ নেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ফতুল্লার পারিবারিক মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পরামর্শ অনুযায়ী ইফতার আয়োজনের পরিবর্তে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্বল্প আয়ের অনেক মানুষ আছেন যারা সংসারের খরচ মেটাতে গিয়ে ঈদের নতুন পোশাক বা প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা প্রশংসনীয়।

তিনি আরও বলেন, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও দৈনন্দিন ব্যয়ের চাপের মধ্যে অনেক পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “আমরা চাই সব সময় মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও যেন আরও বড় পরিসরে এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে পারি, সে জন্য সবার দোয়া কামনা করছি।”

ই এন্ড ই অটো মোবাইলস্ ও ই এন্ড ই অটো ট্রেডিংয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।