ভেদাভেদ ভুলে সবার জন্য ঈদের আনন্দ: সাখাওয়াত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন / ১০০০
ভেদাভেদ ভুলে সবার জন্য ঈদের আনন্দ: সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে কাজ করছে সিটি করপোরেশন প্রশাসন। তিনি আশা প্রকাশ করেন, ধনী-গরীব নির্বিশেষে নারায়ণগঞ্জের প্রতিটি মানুষ যেন আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে।”

প্রেস নারায়ণগঞ্জের ‘বিশেষ আয়োজন’ ঈদ আড্ডায় তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত বলেন, ছোটবেলার ঈদের স্মৃতি এখনো তাকে গভীরভাবে নাড়া দেয়। তখন দায়িত্ববোধ কম থাকায় ঈদের আনন্দ ছিল আরও বেশি উচ্ছ্বসিত। নতুন জামাকাপড়ের প্রতি আগ্রহ, আত্মীয়-স্বজনের বাসায় ঘুরে বেড়ানো এবং আপ্যায়নের মধ্য দিয়েই কাটত সেই সময়।

তিনি আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়েছে। এখন ঈদ উদযাপনে চারপাশের মানুষের অবস্থাও বিবেচনায় রাখতে হয়। কেউ যেন বঞ্চিত না হয় বা কষ্ট না পায়, সে দিকেও খেয়াল রাখা জরুরি।

সাখাওয়াত হোসেন খান বলেন, ঈদ এমন একটি উৎসব যা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি গড়ে তোলে। ঈদের নামাজে সবাই এক কাতারে দাঁড়ায় সেখানে ধনী-গরীব বা ছোট-বড় কোনো ভেদাভেদ থাকে না। এই মিলনমেলা মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিনের বিরোধও ঈদের দিনে মিটে যায়। মানুষ পরস্পরের সঙ্গে কোলাকুলি করে, কুশল বিনিময় করে এবং নতুন করে সম্পর্ক গড়ে তোলে বলে তিনি উল্লেখ করেন।

সবার প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে যাতে নারায়ণগঞ্জের প্রতিটি ঘরে ঈদের আনন্দ পৌঁছে যায়। তিনি আরও বলেন, সালামি দেওয়ার ঐতিহ্য এখনো বিদ্যমান রয়েছে। ছোটরা যেমন সালামি পেতে আগ্রহী, তেমনি বড়রাও সাধ্য অনুযায়ী তা দিতে পেরে আনন্দিত হন। তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।