
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী পশ্চিমপাড়া এলাকায় বাইতুন নূর জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার ওপর হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মো. নূর আলম জানান, তিনি দৈনিক জনকণ্ঠের রূপগঞ্জের নিজস্ব সংবাদদাতা হিসেবে কর্মরত। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। মসজিদের সামনে আগে থেকেই ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তারা ধারালো রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও হকিস্টিক দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার একপর্যায়ে প্রধান অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম অন্যদের তাকে হত্যা করার নির্দেশ দেন। পরে মসজিদের মুসল্লিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে তিনি প্রাণে রক্ষা পান। এ সময় হামলাকারীরা মামলা করলে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর নূর আলম স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় সিরাজুল ইসলাম, শাওন, শফিক, শহিদুল্লাহ, সানাউল্লাহ, ইমাম হোসেন শান্ত ও শিপুসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :