
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর চারটার দিকে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের মধুখালী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত রামদা, চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তাকেসহ তার স্ত্রী তন্নী আক্তার, মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। পরে ঘরের আলমারিতে থাকা ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ চার লাখ টাকাসহ মূল্যমান জিনিসপত্র লুটে নেয়।
অপরদিকে, একই এলাকার লতিফ মিয়া নামে আরেক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেখান থেকেও অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারও নগদ টাকা লুটে নেয় ডাকাত দল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :