সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আজিবপুর এলাকায় শুরু হওয়া এ অভিযান বিকেল পর্যন্ত চলে। এতে অর্ধশতাধিক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল বিপণন কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে আমিনুল ইসলাম নামের এক বাড়ির মালিককে বাংলাদেশ গ্যাস আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাসায় অনুমোদিত পাঁচটি চুলার বিপরীতে অতিরিক্ত ছয়টি চুলা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ ছাড়া আনোয়ার নামের আরেক বাড়ির মালিকের বাসায় বৈধ চারটি চুলার বিপরীতে অতিরিক্ত ছয়টি চুলা ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ৮ হাজার টাকা জরিমানা করা হয়।