নারায়ণগঞ্জের ফতুল্লায় দূষণের দা‌য়ে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জের ফতুল্লায় দূষণের দা‌য়ে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দূষণের দা‌য়ে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়া তরল বর্জ্য উৎপন্ন করায় দুটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিচালিত এ অভিযানে কারখানাগুলোর বৈদ্যুতিক মিটারও খুলে ফেলা হয়।

 

জেলা প্রশাসন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটিপিবিহীন তরল বর্জ্য উৎপন্নকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

 

অভিযানে ফতুল্লার কুতুবাইল এলাকার ‘জিলানী ডাইং’ এবং একই এলাকার বটতলা-রেললাইন সংলগ্ন ‘রাজ্জাক ডাইং’ নামের দুটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ইটিপি ছাড়া বর্জ্য নিষ্কাশনের অভিযোগ ছিল।

 

এ সময় শাসনগাঁও, এনায়েতনগরে অবস্থিত ‘এশিয়ান ফেব্রিক্স মিলস লিমিটেড’ পরিদর্শনে গিয়ে কারখানাটির কার্যক্রম বন্ধ পাওয়া যায়।

 

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং আইন অমান্যকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।