
সাবেক জাতীয় দলের ফুটবলার গোলাম গাউস গুরুতর অসুস্থ
বাংলাদেশ ফুটবলের এক সময়ের পরিচিত মুখ সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য গোলাম গাউস এখন হাসপাতালের বিছানায়। হৃদযন্ত্রের জটিলতায় জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ফুটবল মাঠে যিনি একসময় ছিলেন লড়াকু, সাহসী ও নির্ভরতার প্রতীক। আজ সেই মানুষটিই শুয়ে আছেন হাসপাতালের নিস্তব্ধ কক্ষে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দ্রুত বাইপাস অস্ত্রোপচারের সিদ্ধান্ত আসতে পারে।
বাংলাদেশের ফুটবল অঙ্গনে গোলাম গাউসের নাম নতুন নয়। খেলোয়াড়ি জীবনে তার উপস্থিতি ছিল দৃঢ়। অবসরের পরও তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত রয়েছেন। মাঠের সেই চঞ্চল মানুষ আজ হাসপাতালের বিছানায় নিঃশব্দ, যেখানে লড়াইটা আর প্রতিপক্ষের সঙ্গে নয়, নিজ শরীরের সঙ্গে। পরিবার, সহকর্মী এবং ক্রীড়াঙ্গনের অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। ফুটবলের গ্যালারি, চিৎকার, উল্লাস, সবকিছুর বাইরে আজ একটাই নাম উচ্চারিত হচ্ছে বারবার-গোলাম গাউস। যে নাম একদিন মাঠে জয়ের স্বপ্ন জাগাত, আজ সেই নামই জেগে আছে বেঁচে ফেরার আকুল প্রত্যাশায়।
আপনার মতামত লিখুন :