সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ১, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন এলাকাবাসী। শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের বড়িবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বড়িবাড়ি জামে মসজিদের হাফেজ মাওলানা ওমর ফারুক, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন, সোহেল আরমান, সোহেল রানা, জসীমউদ্দীন, শাহ আলম, আল আমিন, মোশারফ প্রমুখ।

 

 

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বড়িবাড়ি, সিংলাবো, আন্দারমানিক, বড়িবাড়ি পূর্বপাড়া ও পশ্চিম পাড়াসহ সাত গ্রামের নারী-পুরুষ, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ে সড়কের দুই পাশ উঁচু করে নির্মাণের ফলে সাতটি গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদ ও কবরস্থানে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, গর্ভবর্তী নারী ও অসুস্থ রোগীকে হাসপাতালে নিতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা অনেক দুর্ঘটনার কবলেও পড়ছে।

 

বক্তারা আরো বলেন, আন্ডারপাসের দাবিতে কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এলাকাবাসী কোনো সাড়া পাননি। দ্রুত সময়ের মধ্যে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ না নিলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।