
বন্দরে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ৭টার দিকে বন্দর থানাধীন ফরাজিকান্দা এলাকার প্রধান ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক নারীকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মোসা. খাদিজা আক্তার (২৮)। তার বর্তমান ঠিকানা ফতুল্লার মাসদাইর এলাকার ঘোষবাগ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়।
ডিবি পুলিশের “খ” জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান জানান, এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা ও বন্দর থানায় পূর্বের তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :