
ফতুল্লায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকাসক্ত এক যুবকের ধারালো অস্ত্রের হামলায় আপন ভাবি, ভাতিজা ও ভাতিজীসহ একই পরিবারের অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তাদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ওই দেবর হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে তার ভাবির ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে এগিয়ে এলে পরিবারের অন্যান্য সদস্যরা, বিশেষ করে শিশু ভাতিজা ও ভাতিজী, হামলার শিকার হন। একের পর এক কোপে পরিবারের ৫ জনই রক্তাক্ত ও গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :