নারায়নগঞ্জে মহাসড়ক ও পশুর হাটে নিরাপত্তায় র‍্যাবের তল্লাশি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন / ১০০০
নারায়নগঞ্জে মহাসড়ক ও পশুর হাটে নিরাপত্তায় র‍্যাবের তল্লাশি

নারায়নগঞ্জে মহাসড়ক ও পশুর হাটে নিরাপত্তায় র‍্যাবের তল্লাশি

 

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জসহ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১১। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। একইসঙ্গে জেলার বিভিন্ন পশুর হাটেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

সোমবার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

 

ঈদকে কেন্দ্র করে প্রতি বছর মহাসড়কে যানজট, ছিনতাই, চাঁদাবাজি ও যাত্রী হয়রানির ঘটনা বেড়ে যায়। এছাড়া পশুর হাটগুলোতে অজ্ঞান পার্টি, মলম পার্টি, জাল টাকা চক্র ও প্রতারক সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। এসব অপরাধ দমনে আগাম প্রস্তুতি নিয়েছে র‍্যাব।

 

ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড, সাইনবোর্ড, কাঁচপুর ও মেঘনা সেতু এলাকায় র‍্যাবের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশিও করা হচ্ছে। যাতে অবৈধ অস্ত্র, মাদক কিংবা অপরাধী চক্রের সদস্যরা সক্রিয় হতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

 

র‍্যাব-১১ জানায়, কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। বিশেষ করে বড় অঙ্কের টাকা বহনকারী ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে র‍্যাব।

 

এছাড়া ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চাষাঢ়া, সাইনবোর্ড ও চিটাগাং রোড এলাকার কয়েকটি কাউন্টারে ইতোমধ্যে তদারকি বাড়ানো হয়েছে।