কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু: বন্দরে ‘কিল-লেয়িং’ উদ্বোধন করলেন স্বরাষ্ট্র সচিব


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন / ১০০০
কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু: বন্দরে ‘কিল-লেয়িং’ উদ্বোধন করলেন স্বরাষ্ট্র সচিব

কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু: বন্দরে ‘কিল-লেয়িং’ উদ্বোধন করলেন স্বরাষ্ট্র সচিব

 

দেশীয় প্রযুক্তিতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

 

বুধবার (১৭ জুন) সকালে নারায়ণগঞ্জের বন্দরে সোনাকান্দায় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেডে এই নৌযানগুলোর ‘কিল-লেয়িং’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। তিনি বলেন, “দেশের উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ কোস্টগার্ড সম্মুখ সারিতে থেকে কাজ করছে। এই পাঁচটি দ্রুতগতির ভেসেল নির্মিত হলে বাহিনীর অপারেশনাল সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। আমরা আশা করি, ডিইডব্লিউ নির্দিষ্ট সময়ের মধ্যেই উন্নত মান বজায় রেখে এগুলো হস্তান্তর করবে।”

 

‎ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ ফয়জুল হক বলেন, সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে আমরা প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জনে কাজ করছি। ডিইডব্লিউ-তে নির্মিতব্য এই আরপিভিগুলো দেশীয় কারিগরি প্রযুক্তির বিকাশে এক অনন্য মাইলফলক।

 

‎নৌবাহিনী সূত্রে জানা গেছে, প্রতিটি ভেসেলের দৈর্ঘ্য ৩৮.৫ মিটার, প্রস্থ ৭.৯০ মিটার এবং গভীরতা ২.৪৫ মিটার। ২৩২ টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতাসম্পন্ন এই নৌযানগুলো ঘণ্টায় ২৫ মাইল গতিতে চলতে সক্ষম। এগুলো আধুনিক নেভিগেশন রাডার, জিপিএস এবং নাইট ভিশন প্রযুক্তিসহ অত্যাধুনিক সব সমরাস্ত্রে সজ্জিত থাকবে। কম গভীরতার নদীতেও এগুলো অত্যন্ত কার্যকরভাবে কাজ করতে পারবে।

 

‎বিশেষজ্ঞদের মতে, এই নৌযানগুলো কোস্টগার্ডের বহরে যুক্ত হলে সীমান্ত নজরদারি জোরদার করা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সমুদ্র ও নদীতে উদ্ধার অভিযানে এক নতুন দিগন্তের উন্মোচন হবে।

 

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। এছাড়াও নৌবাহিনী ও ডিইডব্লিউ-এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।