
বন্দরে ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যু। থানায় মামলা, গ্রেপ্তার –
বন্দরের মুছাপুর ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে আব্দুল মোতালিব (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপারে নিহতের ছেলে পিয়াল হাসান বাদী হয়ে গত শুক্রবার (২৬ জুন) রাতে দেনাদার মহিউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন মেম্বার, তার ভাগিনা মোহাম্মদ আলীর বিরুদ্ধে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং- ৪০(৬)২৬ ধারা- ৩০২/ ৪০৬/ ৩৪/ ১১৪/ পেনাল কোড- ১৮৬০। এদিকে পুলিশ
হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামী দেনাদার মহিউদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করেছে। ধৃত মহিউদ্দিন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের উত্তর কুলচরিত্র এলাকার মৃত আমজাদ আলী মিয়ার ছেলে। নিহত আব্দুল মোতালিব (৬৪), বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আলফাজ উদ্দিন বেপারীর ছেলে। গত শুক্রবার (২৬ জুন) সকাল ৬টার দিকে মুছাপুর ইউনিয়নের কুলচরিত্র এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এবং পরে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তরা হলেন, মুছাপুর মিনারবাড়ি এলাকার বাসিন্দা ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন এবং তার ভাগিনা মোহাম্মদ আলী ও মহিউদ্দিন । পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সুতার ব্যবসার জন্য আব্দুল মোতালিব স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিনকে ১২ লাখ ১৩ হাজার টাকা দেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও টাকা ফেরত না পাওয়ায় উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে গত ১২ জুন মহিউদ্দিনের বাড়িতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মুছাপুর ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন মেম্বার বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল শুক্রবার ভোরে আব্দুল মোতালিব পাওনা টাকার বিষয়ে আনোয়ার মেম্বারের কাছে জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আনোয়ার মেম্বার তার দাড়ি ধরে ধাক্কা দেন এবং কিল-ঘুষি মারেন। এতে আব্দুল মোতালিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যপারে মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম বলেন, আমার পরিষদের মেমম্বার যদি অন্যায় করে থাকে অবশ্যই তার বিচার হবে। আইন তার বিচার করবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ী মহিউদ্দিন (৫৫)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তৈয়বুর রহমান। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এ মামলার প্রধান আসামী মহিউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
আপনার মতামত লিখুন :