
সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি ম্যাগাজিন সংযুক্ত সচল পিস্তলসহ মো. নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১/২ এনায়েতনগরের মিজি মেনশন এলাকার পশ্চিম পাশে ইটের প্রাচীরঘেরা একটি তেঁতুল গাছের শিকড়ের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন, এএসআই (নিরস্ত্র) এস এম ইলিয়াস হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে একটি ম্যাগাজিন সংযুক্ত সচল পিস্তল এবং একটি কালো রঙের রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মো. নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি ইমদাদুল হক আরও জানায়, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :