রূপগঞ্জে ইছাপুরায় বাজার কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৪:০২ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে ইছাপুরায় বাজার কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

রূপগঞ্জে ইছাপুরায় বাজার কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

 

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইছাপুরা বাজার পরিচালনা কমিটি গঠন নিয়ে বৈঠকে টেবিল চাপড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতা বাতেন পারভেজসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার (৫ জুলাই) দুপুরে ইছাপুরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইছাপুরা বাজারের দক্ষিণ পাশে একটি ফাঁকা জায়গায় নতুন বাজার কমিটি নির্ধারণের জন্য বৈঠকে বসেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে টেবিল চাপড়ানোকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। মুহূর্তের মধ্যে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা আতঙ্কে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন।

 

হামলার শিকার ইছাপুরা বাজারের ব্যবসায়ী ও যুবদল নেতা বাতেন পারভেজ অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে ইছাপুরার বাসিন্দা রাসেল ভূঁইয়া ও তার ৪০ থেকে ৫০ জন সহযোগী দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

 

বাতেন পারভেজ আরও বলেন, রাসেল ভূঁইয়া তার হাতের পিস্তলের বাট দিয়ে আঘাত করে তার বাম চোখ গুরুতর জখম করেন। এ সময় হামলাকারীরা তার গলা থেকে স্বর্ণের চেইন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। আশেপাশের লোকজন এগিয়ে এলে রাসেল ভূঁইয়া, রিপন ও অতুল পিস্তল দিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতরা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রাসেল ভূঁইয়া বলেন, ঘটনার সূত্রপাত কবির নামের বাতেনের এক ব্যক্তির টেবিল চাপড়ানোকে কেন্দ্র করে। বাজারে কোনো দোকান না থাকা সত্ত্বেও বাতেন বাজার কমিটিতে থাকতে চাইলে সাধারণ ব্যবসায়ীরা এর প্রতিবাদ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ বলেন, বাজার কমিটি গঠন নিয়ে একটি তুচ্ছ ঘটনার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।