আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে, প্রবাসী যুবক নিহত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে, প্রবাসী যুবক নিহত

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে, প্রবাসী যুবক নিহত

 

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সিয়াম (২৬) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

 

এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। নিহত সিয়াম কম্বোডিয়া প্রবাসী ছিলেন এবং ছুটিতে দেশে এসেছিলেন।

 

বুধবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদী মধ্যপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

গুরুতর আহত অবস্থায় সিয়ামসহ ৮ জনকে বিভিন্ন হাসপাতালে নেয়া হলে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।

 

পরবর্তীতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মোক্তার হোসেন ও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।

 

এ বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ডাক্তার-এর সভাপতিত্বে তপনের বাড়ির পাশে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠক শেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

অভিযোগ রয়েছে, মতিনের সমর্থকরা মোক্তার ও দেলোয়ারের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং তা রক্তক্ষয়ী রূপ নেয়। সংঘর্ষে সিয়ামসহ অন্তত ৮ জন গুরুতর আহত হন।

 

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ডাক্তার বলেন, “বিকাল ৪টার দিকে আমরা বৈঠক করে সীমানা নির্ধারণ করে দিয়েছিলাম। পরে সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে।”

 

ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) মেহেদী ইসলাম জানান, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।