
নারায়নগঞ্জে ট্রাকচাপায় নিহত ছাত্রদল ও যুবদলনেতার পরিবার পেল ২০ লাখ টাকা-চাকরি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকচাপায় নিহত ছাত্রদলনেতা ও যুবদলনেতার পরিবারের পাশে দাঁড়িয়েছে নাসিক প্রশাসন। নিহত দুই নেতার পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান এবং পরিবারের দুই সদস্যকে সিটি করপোরেশনে চাকরি দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে নাসিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহতদের স্বজনদের হাতে অনুদানের চেক ও নিয়োগপত্র তুলে দেন।
অনুষ্ঠানে নিহত মাসুম বিল্লাহর বাবা বাদশা মিয়াকে নাসিকের আইন শাখায় অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া অপর নিহত আব্দুল কাদির জিলানীর স্ত্রী সোহানাকে স্বাস্থ্য বিভাগে নিয়োগপত্র প্রদান করা হয়।
এ সময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালন করা। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জন্য শুধু আর্থিক সহায়তাই নয়, তাদের ভবিষ্যৎ জীবিকা নিশ্চিত করতে চাকরির ব্যবস্থাও করা হয়েছে।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, একজন উপার্জনক্ষম মানুষ হারিয়ে গেলে একটি পরিবার চরম অনিশ্চয়তায় পড়ে যায়। তাই এককালীন অনুদানের পাশাপাশি পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। নিহতরা বিভিন্ন সময় বিগত স্বৈরাচার সরকারের আমলে আমার সাথে কারাগারে জেল খেটেছেন, তারা অত্যন্ত নির্যাতিত ও ত্যাগী কর্মী ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান পরিবার দুটিকে আর্থিক অনুদান ও চাকরির ব্যবস্থা করে ভবিষ্যৎ উপার্জনের একটি স্থায়ী পথ খুলে দিয়েছেন। এটি অত্যন্ত প্রশংসনীয় ও ভালো উদ্যোগ।
আর্থিক সহায়তার পাশাপাশি চাকরির সুযোগ পাওয়ায় নিহতদের স্বজনরা নাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ৯ জুন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ (২৭) ও ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) নিহত হন।
আপনার মতামত লিখুন :