ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ,  চরম ভোগান্তিতে এলাকাবাসী


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন / ১০০০
ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ,   চরম ভোগান্তিতে এলাকাবাসী

ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ,

চরম ভোগান্তিতে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১নং ওয়ার্ডের ত্রিবেনী ব্রিজ এলাকাটি এখন যেন এক বিশাল ময়লার স্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার কারণে ব্রিজের আশপাশের পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। প্রশাসনের এমন উদাসীনতায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের ওপর এবং নিচে যত্রতত্র ফেলা হচ্ছে গৃহস্থালি ও বাণিজ্যিক বর্জ্য। পচা ময়লার দুর্গন্ধে ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। নাসিকের ২১নং ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ সংযোগস্থলটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। ময়লা-আবর্জনার কারণে ছড়াচ্ছে মশা-মাছির উপদ্রব এবং বাড়ছে ডেগুসহ বিভিন্ন চর্ম ও শ্বাসকষ্টজনিত রোগের ঝুঁকি।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। যেন “দেখার কেউ নেই” এমন এক অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে এলাকাটি।

এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ব্রিজ দিয়ে আমাদের প্রতিদিন যাতায়াত করতে হয়। দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। সিটি কর্পোরেশনের লোকজন যেন চোখ বন্ধ করে আছে। আমরা ট্যাক্স দিই, কিন্তু নাগরিক সুবিধা পাচ্ছি না।”

পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত এই ময়লার স্তূপ অপসারণ করে স্থায়ী ডাস্টবিন বা বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না করলে এই এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তারা অবিলম্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন।