
রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতা মামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত দুই বছর আগে মারা যাওয়া নিষিদ্ধ সংগঠন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামীম মাহবুবকে আসামি করে বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বাদী হয়ে মৃত যুবলীগ নেতা শামীম মাহবুবসহ নামীয় ৬৪ জনসহ অজ্ঞাত ১৮০/২০০ জনকে আসামি করে বিস্ফোরক ও সহিংসতার মামলা দায়ের করা হয়েছে।
গত কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিটসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ঝটিকা মিছিল বিক্ষোভ সমাবেশ করেন। অপরদিকে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাশকতা ঠেকাতে বিএনপি, যুবদল ছাত্রদল বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে রূপগঞ্জ থানার গুতিয়াব ৩’শ ফিট এক্সপ্রেসওয়েতে হইয়া ব্রিজের সামনে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণসহ রাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনার চেষ্টা চালায়। এই ঘটনায় রায়হান, মোবারক হোসেন, সিয়াম আহমেদসহ নামীয় ৬৪ জনসহ অজ্ঞাত ১৮০/২০০ জনকে আসামি করে বিস্ফোরক ও সহিংসতার মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ২০ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ মামলার ৬০ নাম্বার আসামি করা হয়েছে নিষিদ্ধ সংগঠন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামীম মাহবুবকে।
শামীম মাহবুবের পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ নভেম্বর শামীম মাহবুব ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, যুবলীগ নেতাকে আসামি করে বিস্ফোরক ও সহিংসতার মামলা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে মামলার বাদী রূপগঞ্জ উপ-পরিদর্শক এসআই হারুনুর রশিদ বলেন, কম্পিউটার টাইপিং এ মিস্টেক হওয়ার কারণে পিতার নামটা ভুলে এসেছে। আমরা পরে সংশোধন করে ফেলেছি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পুলিশ তো মামলা নিয়েছে লোকজনের কাছে তথ্য নিয়ে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পরে বলতে পারবো।
আপনার মতামত লিখুন :