নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’র এলাকায় রাজউকের ৩৩ প্লট বিক্রির উদ্যোগ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৯:২৬ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’র এলাকায় রাজউকের ৩৩ প্লট বিক্রির উদ্যোগ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’র এলাকায় রাজউকের ৩৩ প্লট বিক্রির উদ্যোগ

 

 

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সুষম উন্নয়নের পরিকল্পনার অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আদলে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ বা নাউক) গঠন করেছে। আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মূল উদ্দেশ্যে দ্রুত বর্ধনশীল নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়নকে গুরুত্ব দেওয়া। তবে নাউক গঠন করলেও রাজউকের মূল ভবনে বসেই চলছে তাদের কার্যক্রম। কারণ এতদিন নারায়ণগঞ্জ রাজউকের অধীনেই ছিল। এখন নাউক গঠনের পর নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকা ৩৩টি বাণিজ্যিক প্লট তরিঘরি করে লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজউক। তবে এটা মানতে রাজি নয় নাউক। তারা চায় তাদের এখতিয়ারধীন এলাকার প্লটগুলো তাদের হাতেই হস্তান্তর করা হোক। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে দুই সংস্থাই। এমন অবস্থায় আজ বুধবার নাউকের অধিক্ষেত্র (আওতাধীন এলাকা) নির্ধারণে বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

নাউকের অধিক্ষেত্রের প্লট রাজউক বিক্রির উদ্যোগ নেওয়ায় ক্ষুব্ধ নাউক। তারা মনে করে যেহেতু এখন আলাদা একটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হয়েছে, সেই কর্তৃপক্ষের আওতাধীন এলাকার সমস্ত সম্পদও তাদের হয়ে যাওয়ার কথা। কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অত্যান্ত সুকৌশলে হাজার কোটি টাকার সম্পদ দ্রুততার সঙ্গে বিক্রি করার পাঁয়তারা করছে। এ নিয়ে নারায়ণগঞ্জবাসীর মধ্যেও ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তারা মনে করে, নারায়ণগঞ্জের উন্নয়নে সরকার নাউক গঠন করেছে, নতুন এই প্রতিষ্ঠান গড়ে দিলেই কাজ শেষ না। তাদের নিজস্ব সম্পদ যদি অন্য সংস্থা বিক্রি করে দেয় তাহলে তারা কীসের ভিত্তিতে দাঁড়াবে।

 

নাউক গঠনের পর সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লা বাণিজ্যিক এলাকার ৩৩টি বাণিজ্যিক প্লট এবং ঢাকার বাড্ডা (১০ একর) পুনর্বাসন এলাকার ২টি বাণিজ্যিক প্লট ৯৯ বছর মেয়াদি লিজ দিতে দরপত্র আহ্বান করেছে রাজউক। প্লটের ভিত্তিমূল্য প্রতিকাঠা ১ কোটি ৫০ লাখ নির্ধারণ করা হয়েছে। তবে এসব প্লটের প্রকৃত বাজারমূল্য অনেক বেশি। এই ৩৩টি প্লটের মধ্যে কোনোটি ১০ কাঠার, কোনোটি ৫ কাঠার প্লট। শিল্পনগরী নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এসব প্লটের বাজারমূল্য কয়েক হাজার কোটি টাকা হতে পারে।

 

রাজউক সূত্রে জানা গেছে, চলতি বছর ২৩ আগস্ট থেকে নিলাম দরপত্র বিক্রি শুরু হয়। গত ২৩ সেপ্টেম্বর ছিল দরপত্র বিক্রির শেষ দিন এবং ২৭ সেপ্টেম্বর দরপত্র খোলার কথা ছিল। কিন্তু এখনও দরপত্র খোলা হয়নি।

 

জানা গেছে, নাউক এবং নারায়ণগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে সরকারও সিদ্ধান্তহীন। এসব প্লট রাজউক বিক্রি করবে নাকি নাউকের অধীনে ছেড়ে দেবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। আজ বুধবার নাউকের অধিক্ষেত্রে নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সিদ্ধান্ত হতে পারে প্লটগুলো কোন সংস্থার অধীনে যাবে।

 

এ বিষয়ে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম আমাদের সময়কে বলেন, তারা চাইতেই পারে। আমরাও বলতে পারি। কিন্তু এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিবে সেটাই বাস্তবায়ন হবে।

 

যেহেতু নাউক নতুন একটি সংস্থা, তাদের সক্ষমতা দিয়ে এত গুরুত্বপূর্ণ প্লটগুলোর উন্নয়ন পরিকল্পনা নিতে ঝামেলায় পড়তে পারে। তাই রাজউক যদি সেটা লিজ দিয়ে রাজস্ব আদায় করতে পারে তাহলে সেই রাজস্ব সরকারি কোষাগারেও জমা থাকবে। অন্যদিকে নাউক মনে করে, নারায়ণগঞ্জবাসীর মনের কথা একমাত্র নাউক বুঝতে পারবে। তাই নারায়ণগঞ্জবাসীর স্বার্থে এসব প্লট নাউকের হাতে হস্তান্তর করা উচিত।

 

রাজউকের এই সম্পত্তি বহুবছর ধরে অবৈধ দখলে রয়েছে। এর আগে দখলদার উচ্ছেদ করার উদ্যোগ নিলেও তার বাস্তবায়ন হয়নি। তাই এবার প্লটগুলো নিলামে বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে।

 

গত ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের খানপুর এলাকায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) অফিস উদ্বোধন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তখন নারায়ণগঞ্জবাসীর পক্ষে একজন সাংবাদিক প্রশ্ন করেন, নাউকের আওতাধীন এলাকায় ৩৩টি বাণিজ্যিক প্লট রয়েছে। যেগুলো নিয়ে এত বছরেও রাজউক কোনো উদ্যোগ নেয়নি। নাউক গঠনের পর হঠাৎ বিক্রি করার উদ্যোগ নিয়েছে। রাজউকের এই তৎপরতা নারায়ণগঞ্জবাসীর জন্য উদ্বেগের। নাউক গঠনের পর এটি তাদের হাতে ছেড়ে দিতে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করবে কিনা?

 

এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রাজউকও সরকারের একটা অংশ, এনডিএ-ও (নাউক) সরকারের অংশ। জনগণের জন্য যেটা সুবিধাজনক হবে সরকার সেই সিদ্ধান্ত নেবে। এই উদ্যোগটা আমাদের সরকার গ্রহণ করেনি। গত অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছিল। সরকারের সিদ্ধান্ত নিতে কতগুলো প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ ব্যাপারে এনডিএ চেয়ারম্যান আমাদের অবগত করেছেন আমরা দেখব, কোনটা ভালো হয়।