আড়াইহাজারে মা ইলিশ ধরায় ৬ জনকে জরিমানা, ৬০ হাজার মিটার জাল ধ্বংস


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে মা ইলিশ ধরায় ৬ জনকে জরিমানা, ৬০ হাজার মিটার জাল ধ্বংস

আড়াইহাজারে মা ইলিশ ধরায় ৬ জনকে জরিমানা, ৬০ হাজার মিটার জাল ধ্বংস

 

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে মা ইলিশ আহরণের দায়ে ছয়জনকে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আরও চারজনকে আটক করা হলেও তারা প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

 

বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন ও বংশবিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ আহরণ বন্ধে অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার দায়ে ছয়জনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

অভিযানকালে জব্দ করা আনুমানিক ৬০ হাজার মিটার অবৈধ জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া আটক অপর চারজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

 

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ আহরণ বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ইলিশের প্রজনন ও বংশবিস্তার সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।