শহরের বাবুরাইলে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন / ১০০০
শহরের বাবুরাইলে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

 

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের বাবুরাইল এলাকায় একটি খালি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় এক আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দুইটি বোমা উদ্ধার করেছে র‍্যাব-১১।

শনিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ঢাকা থেকে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে রওনা হয়ে ভোর রাত আনুমানিক পৌনে চারটায় নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গায় এগুলো নিষ্ক্রিয় করে।

র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকার মোবারকশাহ সড়কের পাশের খালি জায়গায় একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও দুইটি বোমা উদ্ধার করা হয়। পরে বিষয়টি আমাদের হেডকোয়ার্টারের বোম্ব ডিস্পোজাল ইউনিটকে জানানো হলে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়।

তিনি আরও জানান, অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে তদন্ত চলছে, এবং কারা এসব পরিত্যক্ত করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।