সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারী আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৬:১৭ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারী আটক

 

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকেআটক করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। সোমবার (২৭ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল— মো. সাগর ইসলাম হৃদয় (৩০) এবং মো. অনিক (২৫)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃতরা মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও ছিনতাই করত। ভোরে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে স্টিল বডির ধূসর রঙের খেলনা পিস্তল, একটি রেজিস্ট্রেশনবিহীন কালো মোটরসাইকেল এবং নগদ ১ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা খেলনা পিস্তল ব্যবহার করে ছিনতাই ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

গ্রেফতারকৃত সাগর ইসলাম হৃদয়ের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং অনিকের বিরুদ্ধে একই থানায় মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।