
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় এজাহারনামীয় অন্যতম আসামি কামাল (৪৫)–কে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সোনারগাঁ থানার বারদী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, আড়াইহাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে সংস্থাটি।
এজাহার ও স্থানীয় সূত্র মতে, গত ২৯ অক্টোবর রাতে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজারে দীর্ঘদিনের গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এর আগে বিকেলে মর্দাসাদি গ্রামের কয়েকজন উচিৎপুরা বাজারে স্থানীয় নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করে। এতে ক্ষুব্ধ হয়ে নুরু মিয়ার সমর্থকে উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে জড়ো হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। হামলায় ওসি (তদন্ত)–এর সরকারি ডাবল কেবিন পিকআপও ভাঙচুর করা হয়। পরে এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার পর ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যান বেশ কয়েকজন আসামি। তাদের মধ্যে ৯ নম্বর আসামি কামালকে শুক্রবার রাতের অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ।
র্যাব জানায়, গ্রেফতারকৃত কামালকে শনিবার সকালে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :