নারায়ণগঞ্জে অটোচালক ইউসুফকে হত্যা করে রিকশা ছিনতাই


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ২:১১ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে অটোচালক ইউসুফকে হত্যা করে রিকশা ছিনতাই

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জে অটোচালক ইউসুফ (২৮)কে নির্মমভাবে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) ভোরে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাজমুল হাসান বিপুল তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কর্তব্যরত সূত্র জানায়, নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ফতুল্লা থানা পুলিশ জানায়, ঘটনাটি ঘটে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন কদমতলী থানা এলাকায়। পরে অচেতন অবস্থায় ইউসুফকে ফতুল্লার রেলস্টেশন এলাকার তার বাড়ির সামনে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরিবার থেকে পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু নিশ্চিত হয়।

ফতুল্লা থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটো রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ইউসুফকে হত্যা করা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা এলাকায় সংঘটিত হওয়ায় সেখানে পুলিশ তদন্ত করছে।”

নিহত ইউসুফের মা আলো বেগম জানান, তার ছেলে শনিবার রাত তিনটার দিকে অটোরিকশা নিয়ে বের হয়। “ভোরের দিকে লোকজন আমার ছেলেকে আহত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে—ও আর বাঁচে নাই।”

ইউসুফের এক বছরের একটি সন্তান রয়েছে। স্ত্রীর নাম সোনিয়া বেগম। নিহতের গ্রামের বাড়ি বরিশালের কলাপাড়া থানার দানখালি গ্রামে।

বর্তমানে ইউসুফের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি নিয়ে কদমতলী থানা পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়েছে।