নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযান : ২৫ কেজি গাঁজা ও অস্ত্রসহ ৬ মাদক ব্যবসায়ী আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযান : ২৫ কেজি গাঁজা ও অস্ত্রসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযানে পৃথক স্থান থেকে অস্ত্র ও ২৫ কেজি গাঁজাসহ মাদক চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১১।

সোমবার (২৩ নভেম্বর) রাতে ফতুল্লার ইসদাইর, বন্দর থানার মদনপুর এবং সিদ্ধিরগঞ্জের মাক্কিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় উদ্ধার করা হয় ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার ও চারটি দেশীয় ছুরি।

র‍্যাব জানায়, ফতুল্লা থানার ইসদাইর (চার তলা) এলাকার বাসিন্দা মোঃ রাকিব (৩৮), মোঃ মতিন (২৪), মোঃ নাসির (২৪) ও মোঃ শান্ত (২৩) একই পরিবারের সদস্য বা আত্মীয়স্বজন।
তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে অস্ত্রের হুমকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছিল।

র‍্যাব-১১, নারায়ণগঞ্জ ইউনিটের গোয়েন্দারা তাদের তৎপরতা সম্পর্কে নজরদারি বাড়ান। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর রাত ৭টা ২০ মিনিটে ইসদাইর এলাকায় এক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩.৫ কেজি গাঁজা, ২০ পিচ ইয়াবা ও অস্ত্র উদ্ধার হয়।

একই দিন রাত ১১টা ৫০ মিনেটে বন্দর থানার মদনপুরে রাফি ফিলিং স্টেশনের সামনে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে ভোলা জেলার তজুমুদ্দিন থানার বাসিন্দা মোঃ শফিক (৪৪) কে ১৬ কেজি গাঁজাসহ আটক করা হয়। ধারণা করা হচ্ছে, সে এই চক্রের জন্য বড় পরিমাণে মাদক সরবরাহ করত।

পরদিন ২৪ নভেম্বর রাত ১টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মাক্কিনগর এলাকায় তৃতীয় অভিযান চালিয়ে স্থানীয় মোঃ কনু মিয়া (৬৫) কে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।

র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘আটককৃতদের এবং উদ্ধারকৃত মাদক ও অস্ত্র আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’ মাদক ও অস্ত্র ব্যবসার মতো সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।