সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ১০:১৭ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারীর মাদানীনগর এলাকায় দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক আবু হানিফ ইমরানের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাসার থাই গøাসের লক ও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা এবং ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মোট ১২ লাখ ৭৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।
বিষয়টি মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর বারিক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪র্থ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক আবু হানিফ ইমরানের বাসায় চোরেরা পরিকল্পিতভাবে প্রবেশ করে। থাই গøাসের জানালার লক ভেঙে ভেতরে ঢুকে তারা স্টিলের ফাইল কেবিনেট ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
সাংবাদিক ইমরান জানান, “ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। ফোনে খবর পেয়ে ফিরে এসে দেখি পুরো ঘর তছনছ অবস্থায় পড়ে আছে। পরিবারের সদস্যরা শব্দ পেয়ে দরজা খুলতে না পারায় পাশের বাড়ির ছাদ দিয়ে লোক পাঠিয়ে ভেতরে প্রবেশ করা হয়। তখনই দেখা যায় কেবিনেট ভাঙা এবং সব মূল্যবান জিনিস নেই।”
ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর বারিক বলেন, “চুরির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে। দ্রæতই আসামিদের আইনের আওতায় আনা হবে।”