
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শ্বশুর ও জামাতা। তবে তারা দু’জনই ভিন্ন দুই দলের মনোনীত প্রার্থী। শ্বশুর বিএনপির মনোনীত প্রার্থী এবং জামাতা এনসিপির মনোনীত প্রার্থী।
বুধবার বিকেলে উভয়ের পক্ষে দলগুলোর নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ফলে, শেষ পর্যন্ত যদি তাদের প্রার্থীতা বহাল থাকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্বশুর ও জামাতা একে অপরের মুখোমুখি হতে যাচ্ছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তিনবারের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম। বুধবার বাদ আসর, বন্দরের নবীগঞ্জ এলাকায় অবস্থিত কদমরসুল দরগাহ জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেন তিনি। বিকেলে তার পক্ষে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাবেক এমপি আবুল কালামের একমাত্র মেয়ে এডভোকেট বাঁধনকেও দেখা যায়।
অন্যদিকে, নারায়ণগঞ্জে এনসিপি ইতোমধ্যেই দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। নারায়ণগঞ্জ-৫ আসনে এনসিপি মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নেতা ও জেলা কমিটির যুগ্ম আহবায়ক আহমেদুর রহমান তনু। এই তনু হলেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের একমাত্র মেয়ে এডভোকেট সামছুন নূর বাঁধনের জামাতা। বুধবার তনুর পক্ষেও জেলা নির্বাচন অফিস থেকে দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
শেষ পর্যন্ত যদি উভয় প্রার্থী মাঠে থাকেন, ভোটের লড়াই শ্বশুর ও জামাতার মধ্যে সরাসরি অনুষ্ঠিত হবে। এতে ভোটের মাঠে শ্বশুর-জামাতার লড়াই অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
আপনার মতামত লিখুন :