নারায়ণগঞ্জে আদালত পাড়া থেকে ব্যবসায়ী অপহরণ, কোটি টাকা মুক্তিপণ দাবি, ১ জন আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৯:২১ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে আদালত পাড়া থেকে ব্যবসায়ী অপহরণ, কোটি টাকা মুক্তিপণ দাবি, ১ জন আটক

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে এক কোটি টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারীর চক্রের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শহরের ডি আই টি এলাকা থেকে তাকে আটক করা হয়ে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

এর আগে, অপহরণের ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী।

আটককৃত শাহীন আহমেদ মুন্সীগঞ্জের গজারিয়া থানার করিম খা এলাকার আব্দুর রশিদের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, অপহৃত মো. দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জমির ব্যবসার সঙ্গে জড়িত। গত ২৮ ডিসেম্বর সকালে জমির মিউটেশনসহ অন্যান্য কাজে নারায়ণগঞ্জ নতুন কোর্টে আসেন তিনি। একই দিন বিকেল ৫টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে দেলোয়ার হোসেন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে স্ত্রী রাবেয়া বেগমকে ফোন করে জানান বিকাল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন চানমারী এলাকার নতুন কোর্টের প্রধান গেটের সামনে থেকে অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ভুক্তভোগীর ভাষ্যমতে, অপহরণকারীরা তাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে নগদ এক কোটি টাকা দাবি করে। পরে দর কষাকষির একপর্যায়ে ১৫ লাখ টাকায় চুক্তি হলেও এখনো তাকে মুক্তি দেওয়া হয়নি। অপহরণকারীরা টাকা না দিলে তাকে হত্যা বা গুরুতর ক্ষতি করার হুমকি দিচ্ছে।

অপহৃত অবস্থায় দেলোয়ার হোসেনকে শারীরিকভাবে মারধর করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুব জানান, অপহরণের ঘটনায় শাহীন আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।