প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৬, ১৭:১০
আড়াইহাজারের যুবদল নেতা জহির ফকির হত্যা : ছাত্রদল নেতা রিজভীকে প্রধান আসামি করে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতা জহির ফকির কে কুপিয়ে হত্যার ঘটনায় তিন দিন পর মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ভাগিনা ইসমাইল হোসেন বাদী হয়ে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজভীকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখিত আসামিরা আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও খালিয়ারচর গ্রামের বাসিন্দা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বুধবার রাতে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় জহির ফকির কে কুপিয়ে হত্যা করা হয়। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। নিহত জহিরুল ইসলাম কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের মোহাম্মদ আবদুর রহমান বেপারীর ছেলে।
শনিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক।
মন্তব্য করুন: