aaa@gmail.com রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬, ১০ই কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের তালিকা জমা

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৬, ২১:৪২

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের তালিকা জমা

 

 

আগামী ৩১ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন সামনে রেখে অ্যাডভোকেট নবী হোসেন ও আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বাধীন প্যানেলের সাত সদস্যের পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়া হয়েছে।

 

রোববার (২৫ অক্টোবর) চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে ইউনিটের ইউলো ফিল্ড অফিসার মাহমুদা মুন্সীর কাছে এ তালিকা জমা দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন প্যানেলপ্রধান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ হোসিয়ারি মালিক সমিতির পরিচালক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জাকির।

 

তালিকা জমা দেওয়ার পর অ্যাডভোকেট নবী ও অ্যাডভোকেট টিপু প্যানেলের পক্ষ থেকে নির্বাচনে সংশ্লিষ্ট সবার দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করা হয়।

 

আসন্ন নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় এ প্যানেলের অংশগ্রহণকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচনে ভোটারদের সমর্থন নিয়ে প্যানেলটি কতটা এগিয়ে যেতে পারে, এখন সেদিকেই নজর থাকবে।

 

রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, দুর্যোগকালীন সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা।

যুবদল নেতা আনোয়ার ও মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

পেশিশক্তি প্রদর্শন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নারায়ণগঞ্জের দুই যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার ও মাসুদুর রহমান মাসুদকে স্বপদে বহাল করা হয়েছে। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল।

রোববার (২৫ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

আনোয়ার নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মাসুদ ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শপরিপন্থী কার্যকলাপের জন্য তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিজ নিজ পদে বহাল করা হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ৮ জুন পেশিশক্তি প্রদর্শনসহ সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আনোয়ারকে বহিষ্কার করা হয়। তখন তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছিল।

ওই সিদ্ধান্তের আগে ৬ জুন সিদ্ধিরগঞ্জের গোদনাইলে দোকান নির্মাণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাফরুল হাসান লিসানকে গুরুতর জখম করার অভিযোগ ওঠে আনোয়ারের বিরুদ্ধে। লিসানের অভিযোগ ছিল, দোকান নির্মাণের সময় তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর হামলা চালানো হয়।

এ ছাড়া ২০২৫ সালে সিদ্ধিরগঞ্জের একটি ডাকাতি মামলায় যুবদলের আনোয়ারের ১০ বছরের কারাদণ্ড হয়েছিল।

অন্যদিকে গত ১০ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদুর রহমান মাসুদকে বহিষ্কার করা হয়। এর আগের দিন ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক শিশুসহ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হন।

তখন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি অভিযোগ করেছিলেন, রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে মাসুদ ওই ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। এর জেরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর