প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৬, ১৬:১৮
সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার (২৫ অক্টোবর) দিনগত রাতে কুমিল্লা থেকে ওয়াজ মাহফিল শেষ করে ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে আল্লাহর রহমতে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে তিনি নিজেই ফেসবুক লাইভে এসে জানিয়েছেন।
জানা গেছে, মদনপুর-জয়দেবপুর ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় পৌঁছালে সড়কে বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে একদল ডাকাত। এ সময় রফিকুল ইসলাম মাদানি তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে তাকে রক্ষার আকুতি জানান।
লাইভে তিনি বলেন, ডাকাতদের হাতে রামদাসহ দেশীয় অস্ত্র ছিল। তাদের গাড়িটি একটু দূরে থাকায় এবং চালক সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে দ্রুত স্থান ত্যাগ করায় তারা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পান। তবে ডাকাতরা অন্য একটি চলন্ত গাড়ির চালকের গতিরোধ করে টাকা-পয়সা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মহাসড়কে সক্রিয় ডাকাত চক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মন্তব্য করুন: