
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জে একশ দৃষ্টি প্রতিবন্ধীকে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে নগরের মাসদাইর এলাকায় মজলুম মিলনায়তনে বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুস্থ দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির চেয়ারম্যান ড. তৈমূর আলম খন্দকার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান হজী জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ এবং দৈনিক ইত্তেফাকের সিফট্ ইনচার্জ আবদুল বাসেত আকন। বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৃষ্টি প্রতিবন্ধী ইয়াছিন মিয়া, আবদুল হক, আমির হোসেন ভুলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. তৈমূর আলম খন্দকার বলেন, আমরা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে পুনর্বাসনের জন্য উদ্যোগ নেবো। এজন্য সবার সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ স্কুল প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হবে। একাজে সিটি করপোরেশনের সহায়তা নেওয়া হবে। পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে একশ প্রতিবন্ধীকে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আবদুল বাসেত আকন বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের চাহিদা এবং অভাব অভিযোগ অনেক। কিন্তু আমাদের সাধ্য সীমিত। আমরা সরকারি কোন সহায়তা পাই না বা নেই না। আমাদের নিজেদের অর্থে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের নিজেদের মধ্যে কোন বিভেদ না রাখার আহবান জানান। সেই সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :