নির্বাচনে এবার তিনগুণ বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : জেলা প্রশাসক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন / ১০০০
নির্বাচনে এবার তিনগুণ বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : জেলা প্রশাসক

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় গড়ে তোলা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বলয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, আগের যেকোনো নির্বাচনের তুলনায় এবার তিনগুণ বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে প্রতিটি সংসদীয় আসনে দুটি করে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে। সবমিলিয়ে প্রতিটি উপজেলায় ১০ থেকে ১২টি স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। পাশাপাশি চরাঞ্চলের নিরাপত্তায় কোস্টগার্ড ও নৌ পুলিশ মোতায়েন রয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে নির্বাচনি সরঞ্জাম বিতরণের কার্যক্রম তদারকির সময় জেলা প্রশাসক এসব তথ্য জানান। তিনি বলেন, “নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রের বাইরে ও আশপাশেও পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

রায়হান কবির আরও বলেন, “নারায়ণগঞ্জ জেলার পুরো এলাকাই এখন নিরাপত্তার আওতায়। এখানে ঝুঁকিপূর্ণ বলে আলাদা কোনো কেন্দ্র নেই। তবে অতিগুরুত্বপূর্ণ ৪৫১টি কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহার করা হবে এবং সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।”

তিনি জানান, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়।