নারায়ণগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে সুইট নেশন‌কে এক লাখ টাকা জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে সুইট নেশন‌কে এক লাখ টাকা জরিমানা

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জে সুইট নেশন নামের একটি মিষ্টান্ন ও বেকারির কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে কারখানাটিতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার, ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে অন্যান্য খাদ্যপণ্য সংরক্ষণ, নিষিদ্ধ রাসায়নিক রংয়ের উপস্থিতিসহ মোট ছয়টি অনিয়ম পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

অভিযানে কারখানায় মেয়াদোত্তীর্ণ কোকোনাট ফ্লেভার, মেয়াদোত্তীর্ণ ক্রুসেন, গোল্ডেন গ্লেজ ও ছয় বক্স চকোলেট পাওয়া যায়। এছাড়া চিকেন ড্রামস্টিক ও হারিয়ালি কাবাবের সংরক্ষণ ব্যবস্থায়ও অনিয়ম লক্ষ্য করা হয়।

সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।