নারায়ণগঞ্জে তানযীমুল উম্মাহর সবক প্রদান ও ইফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ৮:২৩ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে তানযীমুল উম্মাহর সবক প্রদান ও ইফতার

নারায়ণগঞ্জে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে শিক্ষার্থীদের আমপারা থেকে নাযেরায় সবক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শহর শাখার পরিচালনায় এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার ইসলামিক ডিভিশনের বিশিষ্ট ক্বারী শায়েখ মাওলানা এ কে এম ফিরোজ। তিনি শিক্ষার্থীদের নতুন পাঠ বা ‘সবক’ প্রদান করেন।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন “আজ কোরআন নাজিলের এই বরকতময় মাসে তোমরা সবক গ্রহণ করেছ, যা তোমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। সূরা আল-ক্বদর আমাদের স্মরণ করিয়ে দেয় এই মাস ও এই কিতাবের ফজিলত কতটা গভীর।”

বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন সবক এবং প্রত্যেকের হাতে কোরআন তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মুহাম্মদ ইকবাল হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, “আল্লাহ আমাদের রুহের জগত থেকেই সবক দিয়ে পাঠিয়েছেন। আমরা দুনিয়াতে সেই পথেই কাজ করছি।” তিনি শিক্ষার্থীদের বিশেষ নসিহত করে বলেন, ওস্তাদ এবং মা-বাবাকে যেন কখনো কোনোভাবেই কষ্ট না দেওয়া হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে তানযীমুল উম্মাহ গার্লস এন্ড প্রি-হিফয সাইনবোর্ড শাখার শাখা প্রধান হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, অভিভাবক হাফেজ আব্দুল মোমিন। স্বাগত বক্তব্য প্রদান করেন মাদরাসার সহকারী শাখা প্রধান এইচ এম কামরুল হাসান। হাফেজ মুজাহিদুর রহমান আলিফের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়েছিল।

পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।