মাদকমুক্ত, যানজটমুক্ত শহর গড়ার প্রত্যয় মাওলানা জব্বারের


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন / ১০০০
মাদকমুক্ত, যানজটমুক্ত শহর গড়ার প্রত্যয় মাওলানা জব্বারের

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রবিবার (৮ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। সভা ও মাহফিল শহরের মিশনপাড়া এলাকায় দলটির নিজস্ব কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর অংশগ্রহণে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “মাহে রমজান মূলত কোরআন নাজিলের মাস। কোরআন কেবল আলমিরাতে সাজিয়ে রাখার জন্য নয়, বরং একে ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগিয়ে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।” তিনি সূরা নাস-এর আলোকে হেদায়েত প্রাপ্তির গুরুত্ব তুলে ধরেন এবং মাদকমুক্ত সমাজ ও যানজটমুক্ত শহর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী যারা আদেশ ও নিষেধ মেনে চলবে, তাদের জন্য জান্নাত অবধারিত। দেশে যদি কোরআনের আইন ও ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হয়, তবেই নামাজ ও জাকাত ভিত্তিক একটি আদর্শ সমাজ গঠিত হবে।” তিনি ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগরী জামায়াতের সাংগঠনিক পূর্ব থানার সেক্রেটারি মুহাম্মদ কামরুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং জামায়াত ১২ নং পশ্চিম ওয়ার্ড সভাপতি হাফেজ বেলাল হোসাইন।

উদ্বোধনী কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাইফুল্লাহ সালিম, এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী কালিমুল্লাহ। ইফতার মাহফিলে অংশ নেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর কবির পোকন, মহানগরী ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং মিশনপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।