কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন / ১০০০
কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু

কক্সবাজারে শুরু হয়েছে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় সমুদ্রতীরবর্তী লাবনী পয়েন্টে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

 

জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কাজল এবং স্পন্সর প্রতিষ্ঠান কিউট-এর কর্ণধার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ নয়, বরং সার্ফিংসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে কাজ করছে। তিনি জানান, ইতোমধ্যে অনেক খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হয়েছে এবং আর্থিকভাবে দুর্বল ফেডারেশনগুলোকেও সহায়তা দেওয়া হচ্ছে।

 

তিনি আরও বলেন, সার্ফাররা আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্স করলে তাদেরও বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম।

 

এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে দেশে সার্ফিং খেলাটি আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

 

পরে প্রতিমন্ত্রী কলাতলি এলাকায় সার্ফিং অ্যাসোসিয়েশনের জন্য বরাদ্দকৃত জমিতে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন রোকন এবং স্পন্সর প্রতিষ্ঠান কিউট-এর কর্ণধার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন।