সরকারের বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা মানছে না অনেক দোকানি-মার্কেট


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৫:৫১ অপরাহ্ন / ১০০০
সরকারের বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা মানছে না অনেক দোকানি-মার্কেট

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে নারায়ণগঞ্জ শহরে দেখা যাচ্ছে মিশ্র চিত্র। কিছু মার্কেট নির্দেশনা মেনে আলোকসজ্জা ও কার্যক্রম সীমিত বা বন্ধ রাখলেও অনেক মার্কেট এখনও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

 

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর রাত পর্যন্ত সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চাষাঢ়ায় সমবায় নিউ মার্কেট ও আলমাস পয়েন্টসহ কয়েকটি মার্কেট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

 

তবে অন্যদিকে শহরের সমবায় ব্যাংক কমপ্লেক্স, হাসান প্লাজা, সায়াম প্লাজা, জামান টাওয়ার, হক প্লাজা, পানোরমা প্লাজা, লুৎফর টাওয়ার, ক্লাব মার্কেট, খাজা সুপার মার্কেট, বেইলি টাওয়ার, জাকির সুপার মার্কেট ও ফজর আলী ট্রেড সেন্টারসহ অনেক মার্কেট খোলা রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

 

এছাড়া, ফুটপাতগুলোতে হকাররাও ছিলেন। তারা রাস্তার পাশে বৈদ্যুতিক লাইন অবৈধভাবে নিয়েও অনেকে ব্যবসা পরিচালনা করছেন। কিছু কিছু মার্কেট বন্ধ হলেও তার সামনে ফুটপাতে ঠিকই বেচা কেনা চলছিল।

 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ব্যবসা বন্ধ রাখলে আমাদের বড় ধরনের লোকসান গুনতে হয়। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি আমরা বুঝি, তবে বিকল্প ব্যবস্থা বা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হলে আমাদের জন্য সুবিধা হতো।

 

জামান টাওয়ারের দোকানের স্টাফ সিয়াম আহমেদ বলেন, আমি এ বিষয়ে তেমন কিছু জানি না। তবে আমাদের ক্রেতারা বেশিরভাগ সন্ধ্যা থেকে রাত মার্কেটে আসতে শুরু করে। মালিকেরা এসময় মার্কেট বন্ধ করবে না।

 

সায়েম প্লাজার ব্যবসায়ী মো. আলমগীর এ প্রতিবেদককে দেখে প্রশ্ন করেন “কি ভাই কেউ সরকারের নির্দেশনা মানছে না এই নিউজ করবেন?”

 

আরও বলেন, আমাদের জন্য সরকারের একটু ভাবা উচিত। কারণ সারাদিন বসে থাকি, সন্ধ্যায় ক্রেতারা মার্কেটে আসে তখনি যদি দোকান বন্ধ করি তাহলে বউ-বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে।

 

একাধিক ক্রেতা বলেন, খবরে শুনেছি কিন্তু দিনে অফিস শেষ করে বাসায় যাওয়ার পথে পছন্দ হলে কিছু কেনাকাটা করি।

 

সচেতন নাগরিক বলছেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা কার্যকর করতে হলে মনিটরিং-এর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় এই উদ্যোগ পুরোপুরি সফল হবে না। পাশাপাশি শহরের ফুটপাতে হকাররা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে সে বিষয়ে মনিটরিং করা প্রয়োজন।