ফুটপাত উচ্ছেদে স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন সাংবাদিক আফজাল হোসেন পন্টি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন / ১০০০
ফুটপাত উচ্ছেদে স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন সাংবাদিক আফজাল হোসেন পন্টি

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ফুটপাত উচ্ছেদ কার্যক্রমকে স্বস্তির বিষয় উল্লেখ করলেও এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। সোমবার (৬ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে মতামত দেন।

 

পোস্টে তিনি বলেন, ফুটপাত উচ্ছেদ হলেও তা দখলমুক্ত থাকবে কিনা, সেটিই বড় প্রশ্ন। কম ক্ষমতাবানের কাছ থেকে সরিয়ে বেশি ক্ষমতাবানের কাছে বেশি দামে বর্গা দেওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি।

 

তিনি আরও বলেন, উচ্ছেদের পর ফুটপাত খালি রাখা সবচেয়ে কঠিন কাজ। এ জন্য তিনি একটি সহজ পদ্ধতির প্রস্তাব দেন—সারাদিন একটি জলবাহী গাড়ি শহরে ঘুরে অবৈধ হকার দেখলেই পানি ছিটাবে। এতে পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিতে হকাররা বসতে নিরুৎসাহিত হবে বলে তার ধারণা।

 

প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন যুক্তি দেখিয়ে লোভী নেতাদের প্রভাবিত করা হয়। ‘ফুটপাত উচ্ছেদ করলে গরিব মানুষ খাবে কি’—এ ধরনের যুক্তিকে তিনি প্রশ্নবিদ্ধ করেন।

 

পন্টি বলেন, এখনও অনেক দোকান মালিকের ব্যবসা খারাপ এবং বহু মানুষ কষ্টে আছে। গরিব মানেই শুধু হকার নয় এবং ব্যবসাও শুধু হকারদের মধ্যেই সীমাবদ্ধ নয়।

 

এছাড়া ফুটপাত উচ্ছেদ করলে অপরাধ বাড়বে—এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। তার মতে, অপরাধ দমন করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, সমাজসেবা নয়।

 

পোস্টে তিনি রাজশাহী ও নারায়ণগঞ্জের উদাহরণ টেনে বলেন, যেখানে হকার নেই এমন শহরের তুলনায় হকার থাকা শহরে অপরাধের হার বেশি—এমন তুলনাও করা যেতে পারে।