ফতুল্লায় গার্মেন্টস কর্মকর্তা হত্যা শুভ্র মামলায় ৭ জনের যাবজ্জীবন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় গার্মেন্টস কর্মকর্তা হত্যা শুভ্র মামলায় ৭ জনের যাবজ্জীবন

ফতুল্লায় গার্মেন্টস কর্মকর্তা হত্যা শুভ্র মামলায় ৭ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের আলোচিত সাখাওয়াত হোসেন শুভ্র নামে এক গার্মেন্ট কর্মকর্তা হত্যার ঘটনায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়র জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে পাঁচ জন উপস্থিত থাকলেও বাকি দুইজন পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুল সাহা জীবন (৪২), নাজমুল ইসলাম (৩৭), সঞ্জয় দাস (৩৯), মিলন (৪১), বশির (৪০), সমীর চন্দ্র মন্ডল (৩৯) ও কাউছার (৪৩)।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, নিহত সাখাওয়াত হোসেন শুভ্র উত্তর নরসিংপুর এলাকাতে অবস্থিত রপ্তানিমুখী গার্মেন্ট কারখানা প্লামি ফ্যাশনে চাকরি করতেন। ২০১৭ সালের ১৫ আগস্ট শুভ্রর মোবাইলে কল করে তাকে ফতুল্লার মাসদাইরের আদর্শ স্কুলের উত্তর পার্শ্বের ‘মায়ের আচল’ নামে একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের ৭ম তলায় ডেকে নিয়ে যায় শহরের দেওভোগ আখড়ার গনেশ সাহার বাড়ির ভাড়াটিয়া দানেশ সাহার ছেলে বাবুল সাহা জীবন। সেখানে জীবনের সঙ্গে তার বন্ধু নাজমুল ইসলাম, সঞ্জয় দাস, মিলন, বশির, সমীর, কাওছার সহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন ছিল।

তিনি বলেন, তারা শুভ্রকে মাথার পেছনে ও সামনে আঘাত করে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য শুভ্রর মরদেহ ওই দিন রাত ৯টার দিকে শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে রেখে চলে যায়। পরে হাসপাতালের ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বশির ও সমীর নিহত শুভ্রের মরদেহ হাসপাতালে রেখে যায়। এই ঘটনায় শুভ্রর বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেছেন।