ঢাকা-না’গঞ্জ লিংক রোডে বস্তাভর্তি এনআইডি কার্ড ও নির্বাচনী সামগ্রী উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন / ১০০০
ঢাকা-না’গঞ্জ লিংক রোডে বস্তাভর্তি এনআইডি কার্ড ও নির্বাচনী সামগ্রী উদ্ধার

নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন একটি ময়লার ভাগাড় থেকে বিপুল সংখ্যক জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পোলিং অফিসারের কার্ড এবং সিল উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এই ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধারকৃত সকল সামগ্রী গাজীপুর সদর এলাকার।

রবিবার সন্ধ্যায় ফতুল্লা স্টেডিয়ামের কাছে ময়লার স্তূপ থেকে বস্তাভর্তি এসব গুরুত্বপূর্ণ নির্বাচনী সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এনআইডি কার্ডগুলো স্মার্টকার্ড নয়, বরং পুরনো মডেলের বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ নির্বাচন কমিশনের অতিরিক্ত কমিশনার রাকিবুজ্জামান। বর্তমানে সকল সামগ্রী নারায়ণগঞ্জ নির্বাচন কমিশনের কার্যালয়ে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা রঙের গাড়ি এসে স্টেডিয়ামের সামনের ময়লার স্তূপে কয়েকটি বস্তা ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সন্দেহ হলে তারা বস্তাগুলো খুলে দেখেন এর ভেতর এনআইডি কার্ডসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু জানান, তিনি তার স’মিলের পাশে ময়লা ফেলা বন্ধের জন্য কাজ করছিলেন। এ সময় তার লোকজন সাদা গাড়ি থেকে বস্তা ফেলে যেতে দেখে এগিয়ে যান এবং এনআইডি কার্ড দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে কার্ডগুলো উদ্ধার করেছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন যে, উদ্ধারকৃত কার্ডগুলো গাজীপুর সদর এলাকার এবং সেগুলো পুরনো মডেলের। তিনি আরও জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং প্রাথমিকভাবে এগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলেই মনে হচ্ছে।