প্রকাশিত:
৩১ অক্টোবার ২০২৬, ২০:৪৬
সোনারগাঁয়ে ১৩ বছরের বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ফুফা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার আপন ফুফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তারকৃত অভিযুক্ত আক্তার হোসেন ওরফে খাজা (৪৫) সোনারগাঁ পৌরসভার গুচাইট গ্রামের মৃত আব্দুস ছামাদ ও ছালেমন নেছার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে নিজ ঘরে বা প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে।
পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। এ ঘটনায় শনিবার দুপুরে অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
অসহায় ও বাকপ্রতিবন্ধী এক কিশোরীর ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন মানবাধিকার সচেতন মহল।
মন্তব্য করুন: